পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে ২৪ জুনের টিকিট।
বুধবার (১৪ জুন) সকাল ৮টায় রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট বিক্রি শুরু হয়েছে। সকালে শুধু পশ্চিমাঞ্চলে চলাচলকারী ২৮টি আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। দুপুর ১২টায় শুরু হবে রেলওয়ের পূর্বাঞ্চলের ২৫টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি।
এবারই প্রথম অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি হচ্ছে। সার্ভারে চাপ কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদযাত্রায়ও আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল সকাল টিকিট পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক যাত্রী। কেউ কেউ সমস্যার কথা জানিয়েছেন যোগাযোগমাধ্যমে।
হজরত আলী নামে একজন টিকিটপ্রত্যাশী বলেন, ‘আমার আইডি বারবার ভেরিফাই করতে বলতেছে। আর অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে। এ সমস্যার জন্য টিকিট কাটতে পারছি না। কী করব এখন?’
সোহাগ নামে আরেক যাত্রী পঞ্চগড় এক্সপ্রেসের টিকিট কেটে বলেন, ‘আলহামদুলিল্লাহ, টিকিট পেয়ে গেছি। সার্ভার ভালোই নমনীয় ছিল।’
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জুনের টিকিট ১৫ জুন, ২৬ জুনের টিকিট ১৬ জুন, ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হবে। এ ছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯, ৩০ জুন ও ১ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
আজ সকালে কাটা যাচ্ছে যেসব ট্রেনের টিকিট
একতা এক্সপ্রেস (৭০৫/৭০৬), করতোয়া এক্সপ্রেস (৭১৩/৭১৪), কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫/৭১৬), সুন্দরবন এক্সপ্রেস (৭২৫/৭২৬), রূপসা এক্সপ্রেস (৭২৭/৭২৮), বরেন্দ্র এক্সপ্রেস (৭৩১/৭৩২), তিতুমীর এক্সপ্রেস (৭৩৩/৭৩৪), সীমান্ত এক্সপ্রেস (৭৪৭/৭৪৮), লালমনি এক্সপ্রেস (৭৫১/৭৫২), সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩/৭৫৪), মধুমতী এক্সপ্রেস (৭৫৫/৭৫৬), দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭/৭৫৮), পদ্মা এক্সপ্রেস (৭৫৯/৭৬০), সাগরদাঁড়ী এক্সপ্রেস (৭৬১/৭৬২), চিত্রা এক্সপ্রেস (৭৬৩/৭৬৪), নীলসাগর এক্সপ্রেস (৭৬৫/৭৬৬), দোলনচাঁপা এক্সপ্রেস (৭৬৭/৭৬৮), ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯/৭৭০), রংপুর এক্সপ্রেস (৭৭১/৭৭২), সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৫/৭৭৬), ঢালারচর এক্সপ্রেস (৭৭৯/৭৮০), টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩/৭৮৪), বনলতা এক্সপ্রেস (৭৯১/৭৯২), পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩/৭৯৪), বেনাপোল এক্সপ্রেস (৭৯৫/৭৯৬), কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭/৭৯৮), বাংলাবান্ধা এক্সপ্রেস (৮০৩/৮০৪) ও চিলাহাটি এক্সপ্রেস (৮০৫/৮০৬)।








