চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে। এ ঘটনায় আরও নিখোঁজ রয়েছেন দুই জন।
নৌপুলিশের সদরঘাট থানার এএসআই মো. রায়হান জানান, দুপুরের পর নদী থেকে জহিরুল ইসলাম ও জহির উদ্দিন নামে দুই জনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আবুল বশর নামে একজন দুর্ঘটনার পর সাঁতরে উঠার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে মেরামতের জন্য সি রিসোর্স কোম্পানির ডক ইয়ার্ডে তোলার সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা খায়। পরে জাহাজে পানি ঢুকে গেলে অল্প সময়ের মধ্যে এটি কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। ঘটনার পরপর জাহাজে থাকা প্রধান প্রকৌশলীসহ ৯ নাবিককে জীবিত উদ্ধার করা গেলেও ক্যাপ্টেনসহ ৭ জন নিখোঁজ হন।








