চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত সার্জেন্টদের মাসিক কর্মদক্ষতা, তিনটি বড় ধর্মীয় উৎসবে যানজট নিরসনে সুষ্ঠু ও সঠিকভাবে দায়িত্ব পালন করায় ১০ সার্জেন্টকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) নগরের খুলশীস্থ ট্রাফিক উত্তর বিভাগের কার্যালয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন।
জানা গেছে, অন্যান্য বিভাগের মতো ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত সাজেন্টদেরও মাসিক কাজের দক্ষতা মূল্যায়ন করা হয়। এই প্রেক্ষিতে সেপ্টেম্বর মাসে সার্জেন্টদের কর্মদক্ষতা বিবেচনায় সার্জেন্ট মোহাম্মদ আলী বাদশাকে নির্বাচন করা হয়েছে। একইসঙ্গে যানজট নিরসনে সুষ্ঠু ও সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োগ করে সঠিকভাবে ডিউটি পালন করায় আরও ৯ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া ট্রাফিক উত্তর বিভাগের নিজস্ব কল্যাণ তহবিল থেকে কনস্টেবল ও অফিসারদের মধ্যে চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন বলেন, মাসিক কর্মদক্ষতা মূল্যায়ন, শারদীয় দূর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী এবং প্রবারণা পূর্ণিমায় নিজেদের সঠিক দায়িত্ব পালন করায় ১০ জন সার্জেন্টকে পুরস্কৃত করা হয়েছে। এরমধ্যে সেপ্টেম্বর মাসের কাজের বিবেচনায় সার্জেন্ট মোহাম্মদ আলী বাদশাসহ মোট তিনজনকে ক্রেস্ট দেওয়া হয়েছে। একইসঙ্গে ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল ও অফিসারদের চিকিৎসা বাবদ আর্থিক অনুদান দেওয়া হয়েছে।








