ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘ওজন স্কেল’ আপত্তি খোদ বাণিজ্যমন্ত্রীর

প্রকাশ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির ওজন নিয়ন্ত্রণে ‘লোড এক্সেল যন্ত্র’ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বাণিজ্যমন্ত্রীও, যা নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের আপত্তি দীর্ঘদিনের। সারাদেশে এক নিয়ম আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আরেক নিয়ম গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন মন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নগরীর কাজির দেউড়িতে আউটার স্টেডিয়ামে এই মেলা শুরু হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশে এক নিয়ম, আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আরেক নিয়ম তা গ্রহণযোগ্য নয়। সারাদেশের কোথাও পণ্যবাহী গাড়ির ওজন নিয়ন্ত্রণে লোড এক্সেল যন্ত্র নেই, কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লোড এক্সেল বসানো হয়েছে, এটা ঠিক নয়। পণ্য পরিবহনে যদি এভাবে বিধিনিষেধ আরোপ করা হয়, তাহলে পণ্যের ব্যয়ে প্রভাব ফেলবে। জিনিসপত্রের দাম বাড়বে। যা সাধারণ মানুষের জন্যে হবে কষ্টকর। আমি আবারো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে কথাটা বলবো এই সিস্টেমটা পরিবর্তন করতে। সারাদেশে যেভাবে আছে, সেভাবেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে করা হোক।’

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ওজন স্কেল বসানোর কারণে একটি ট্রাকে ১৩ টনের বেশি পণ্য পরিবহন করা যায় না। এ নিয়ে ব্যবসায়ীরা আন্দোলন করে আসছেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের রফতানির সুযোগ হয়েছে এবং তা ধীরে ধীরে বাড়ছে। আমাদের একমাত্র পোশাকশিল্প ৮৩-৮৪ শতাংশ। আমরা চাইছি, অন্যান্য অফিসিয়াল আইটেমগুলোর রফতানি বাড়াতে। প্রত্যেকটি পণ্যের রফতানি অন্তত: বিলিয়ন ডলার ছাড়িয়ে যাক। তবে সুখের বিষয় যে, গত দুই বছরে আমাদের চার-পাঁচটা আইটেম বিলিয়ন ডলার স্পর্শ করেছে। আগামী কয়েক বছরের মধ্যে চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, লাইট, মেশিনারিজ, আইটি প্রোডাক্ট, আইসিটি সেক্টরের পণ্য, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আন্তর্জাতিক বাজারে বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে।’

এদিকে, বাজারে ৫ লিটার তেলের দাম হাজার টাকার ওপরে, এর মধ্যে আবার প্রতি বোতলে তেল তিনশ গ্রাম করে কম থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিষয়টি ভোক্তা অধিকার দেখবে। আমি বিষয়টি নিয়ে নির্দেশনা দেব।’

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসীম উদ্দীন চৌধুরী, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মেলার আহবায়ক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবু সামাদ লাবু।

এই সম্পর্কিত অন্যান্য খবর