অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। উদ্দেশ্য একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়া। একই অনুষ্ঠানে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানও পারফর্ম করবেন। সূত্র বলছে, মঞ্চে এক সঙ্গেই উঠবেন ‘গলুই’ তারকা জুটি।
রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার খবর জানালেন পূজা। নিজের ফেসবুকে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ছবি প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী। শুধু নিজেরটাই নয়, ছবি দিয়েছেন মা ঝর্ণা রায়ের ভিসার ছবিও। ক্যাপশনে তিনি লেখেন, ‘অবশেষে আমরা এটা পেয়েই গেলাম।’ সঙ্গে জুড়ে দেন হাতজোড় ইমোজি।
এদিকে অন্য আরেকটি কারণে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন পূজা চেরি। আর তা হলো পূজার সঙ্গে শাকিব খানের প্রেমের গুঞ্জন। অনেকেরই ধারণা, প্রেমিক শাকিবের হাত ধরেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন পূজা। বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি দুই তারকার কেউই।
উল্লেখ্য, এসএ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমায় সর্বপ্রথম একসঙ্গে জুটি বাঁধেন শাকিব-পূজা। শাকিব প্রযোজিত ‘মায়া’ শিরোনামের সিনেমায়ও কাজ করতে যাচ্ছেন তিনি।








