চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ভোর থেকেই নেমেছে নেতা-কর্মীদের ঢল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মাঠজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার–ফেস্টুন, স্লোগান আর উচ্ছ্বাসে মুখরিত পুরো এলাকা। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন লাখো নেতা-কর্মী।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, লালখানবাজার, টাইগারপাস এলাকাসহ বিভিন্ন জায়গায় সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। তাদের হাতে বিভিন্ন রঙের ক্যাপ, টি-শার্ট, দলীয় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পতাকা রয়েছে। ধানের শীষের স্লোগান দিচ্ছেন কর্মী-সমর্থকরা। আশপাশের উপজেলার কর্মী-সমর্থকরা আসছেন বাস বা ট্রাকে চেপে।
এদিকে সমাবেশস্থল নগরের পলোগ্রাউন্ড মাঠ লোকে লোকারণ্য। বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
তারেক রহমান সেখানে সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, বন্দরনগরী এবং আশপাশের বিভিন্ন এলাকা, উপজেলা, জেলা থেকে নেতা-কর্মী ও সমর্থকরা সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশে ১০ থেকে ১৫ লাখ লোকের সমাগম হবে- এমনটাই আশা করছেন তারা।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘সকাল থেকেই নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। চট্টগ্রামজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মানুষের ঢল নেমেছে পলোগ্রাউন্ড মাঠে। আমরা আশা রাখি, সমাবেশে ১০ থেকে ১৫ লাখ লোকের সমাগম হবে।’
এর আগে, ২০০৫ সালের মে মাসে চট্টগ্রামে এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।
২১ বছর পর আবারও চট্টগ্রামে আসলেন এই নেতা। মহাসমাবেশে যোগ দিতে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রবিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের একটি হোটেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তরুণদের সঙ্গে পলিসি ডায়ালগে অংশ নেন। বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেবেন তিনি।
তারেক রহমানের সমাবেশ ঘিরে লোকারণ্য চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ
প্রকাশ:








