ইস্টার্ন ব্যাংকের আগ্রাবাদ শাখা হতে নেয়া ২২ কোটিরও বেশি টাকা ঋণ নিয়েছিলেন ড্রেস ডিজাইনার লিমিটেড নামে এক প্রতিষ্ঠানের এমডি, চেয়ারম্যান, পরিচালকসহ পাঁচজন। ১১ বছরেও শোধ করেন নি ঋণের টাকা, ঋণের বিপরীতে ছিলনা কোন বন্ধক। ব্যাংকের মামলায় হাজির হননি আদালতেও। এজন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ৫ জন হলেন— ড্রেস ডিজাইনারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজ্জাকুল হায়দার, চেয়ারম্যান লোকমান চৌধুরী, পরিচালক মোহাম্মদ আলী ইমাম, হাসনা বেগম ও সাবেক পরিচালক মোহাম্মদ আলী। ড্রেস ডিজাইনারস লিমিটেডের ঠিকানা দেখানো হয়েছে মনছুরাবাদের আসকারাবাদ এলাকায়।
অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ইস্টার্ন ব্যাংকের আগ্রাবাদ শাখা হতে নেয়া ২২ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ৯৪ টাকা ঋণ নিয়ে এগারো বছরেও পরিশোধ করেনি এ প্রতিষ্ঠান। পরে খেলাপি ঋণ আদায়ের জন্য মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। ঋণের বিপরীতে কোন স্থাবর সম্পত্তি বন্ধক না থাকায় এবং আদালতের আদেশ মোতাবেক পাসপোর্টসহ আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।








