সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবি আদায়ে দুই দিনের কর্মসূচির প্রথম দিনের পদযাত্রাকে ‘জয়যাত্রা’ বলে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এটা পদযাত্রা নয়, জয়যাত্রা। এটা বিজয়ের যাত্রা। ৩৬টি রাজনৈতিক দল একযোগে ঘোষণা দিয়েছে এ সরকারের পদত্যাগের, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন অনুষ্ঠানের। জনগণ এ সরকারকে আর দেখতে চায় না।’
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রাজধানীর গাবতলীতে বিএনপির সরকার পতনের এক দফা দাবি আদায়ের পদযাত্রা কর্মসূচি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আনিসুল হক। আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মির্জা ফখরুল বলেন, ‘আবার পরিষ্কার করে বলছি, অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। গতকাল ঢাকায় একটি নির্বাচনের তামাশা দেখেছি। সেখানে আওয়ামী লীগের থিংকট্যাংকের হ্যাভিওয়েট একজন প্রার্থী হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। সেখানে দেখলাম ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। হিরো আলম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। তাকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পুলিশ প্রশাসন সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।’
তিনি বলেন, ‘এ সমস্ত তামাশা করে আর কোনো লাভ হবে না। ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা ভোটে জয়লাভ করেছেন। ২০১৮ সালের দিনের ভোট রাতে করেছেন। এ ধরনের ভোট আর হতে দেওয়া হবে না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে যে আন্দোলন শুরু হয়েছে এ আন্দোলনের মাধ্যমে এক দফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।’
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ে গাবতলী থেকে পদযাত্রা শুরু করেছে বিএনপি। বিকাল ৪টায় বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে এ পদযাত্রা। গাবতলী থেকে শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মগবাজারে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ঢাকার পাশাপাশি সারা দেশেও পালন হচ্ছে এ কর্মসূচি।
ঢাকায় পদযাত্রার যাত্রাপথ
গাবতলী থেকে টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ গোল চত্ত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা (আগারগাঁও), বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্ত্বর), ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে।
বিএনপির পাশাপাশি একই দাবিতে ঢাকায় পদযাত্রা করবে সমমনা দলগুলো। আগামী কাল বুধবার একই সময়ে ঢাকায় পদযাত্র করবে বিএনপি। আব্দুল্লাপুর থেকে শুরু হয়ে যাত্রাবাড়িতে শেষ হবে। আব্দুল্লাপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি যাত্রা শুরু করবে। রামপুরা ব্রীজে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুক্ত হবে। যাত্রাপথ- আব্দুল্লাহপুর, বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রীজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ, যাত্রাবাড়ি।








