আসন্ন ঈদে বকশিশের নামে অতিরিক্ত টাকা আদায় এবং যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত না নিতে বাস মালিকদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (২০ জুন) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার সব রুট মালিক সমিতি ও পরিবহন কোম্পানি, গাবতলী ছাড়া অন্যান্য সব টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের দপ্তর সম্পাদক সামদানী খন্দকার বলেন, ’১২০টি পরিবহন কোম্পানিকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি বিষয়ে নির্দেশনা দিয়েছে মালিক সমিতি। এর মধ্যে রয়েছে ঢাকা শহরের লক্কড়-ঝক্কড় ধরনের কোনো গাড়ি ঢাকার বাইরে রিজার্ভে পাঠানো যাবে না, বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না এবং ড্রাইভারের অনুপস্থিতিতে হেলপার দিয়ে গাড়ি চালানো যাবে না।’
নির্দেশনায় বাস টার্মিনালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সরকারের পাশাপাশি প্রতিটি টার্মিনালে বিশেষ করে সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক সমন্বয়ে একটি ‘ভিজিল্যান্স টিম’ গঠনের কথা বলা হয়েছে। এই টিমের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে টার্মিনালে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। এতে ঢাকাস্থ প্রায় ১২০টি পরিবহন কোম্পানির প্রতিনিধি, সব রুট মালিক সমিতি, গাবতলী ছাড়া অন্যান্য সব টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।








