চমেক হাসপাতালের নির্ধারিত প্রকল্প কুমিল্লায় যাবে না : স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও সহ)

প্রকাশ:

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে নিউরোসায়েন্স অর্থোপেডিক মানসিক ও স্কিন ইউনিট স্থাপন প্রকল্প স্থানান্তরের বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জায়গা সংকটের কথা বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম তার নিজের বাড়ি গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রস্তাব করেন বলে খবর প্রকাশ হয়। সোমবার (১০ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তিনি এ কথা জানান।

এর আগে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে বিএমএ নেতা ডা. ফয়সাল ইকবাল চৌধুরী প্রসঙ্গটি তুলে প্রকল্পটি চট্টগ্রামে বাস্তবায়নের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানান। একই প্রসঙ্গে সুর মেলান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীও। তিনিও মন্ত্রীকে চমেকের নির্ধারিত প্রকল্প কুমিল্লায় স্থানান্তর না করার অনুরোধ করেন।

সংবাদের ভিডিও দেখতে ক্লিক করুন

 

 

এসময় মন্ত্রী বিষয়টি সঠিক নয় উল্লেখ করে বলেন, ‘দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের একটি হবে চট্টগ্রামে। যেটা কুমিল্লা হওয়ার প্রয়োজন আছে সেটা কুমিল্লায় হবে। যেটা চট্টগ্রামে হওয়ার প্রয়োজন আছে সেটা চট্টগ্রামে হবে। ওটাও বাংলাদেশ এটাও বাংলাদেশ। এটাও আমাদের দেশের অংশ। ওটাও দেশের অংশ। কাজেই এটা নিয়ে কোনো কষ্ট পাওয়ার সুযোগ নাই। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’

চট্টগ্রামে জমি অধিগ্রহণে ঝামেলা হয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘যখন আমরা চট্টগ্রামের কোনো জমি নিতে চাই তখন অনেক ভেজাল হয়। অনেক দেরি হয়। বার্ন নিয়েই আমরা দেখেছি কতবার আমাদের আসতে হয়েছে। চাইনীজরা রাগ করে চলে গেছে। জাপানীজরাও রাগ করে চলে গেছে। পরে তাদেরকে মানিয়ে আনতে হয়েছে।’

উল্লেখ্য, দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ‘নিউরোসায়েন্স, অর্থোপেডিক, মানসিক ও স্কিন ইউনিট স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালও এই প্রকল্পের আওতাভুক্ত। প্রকল্পের আওতায় নির্ধারিত মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে নতুন করে চারটি ইউনিট (নিউরোসায়েন্স, অর্থোপেডিক, মানসিক ও স্কিন) স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মাঝে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন হয়েছে। তবে এখনো ডিপিপি প্রণয়ন হয়নি। কিন্তু এরই মাঝে নির্ধারিত এই প্রকল্প কুমিল্লায় করার প্রস্তাবনা আসায় ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রামের মানুষ।

এই সম্পর্কিত অন্যান্য খবর