চট্টগ্রামে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে চলছে প্রতিমা বিসর্জন। বুধবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়। নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল-২, অভয়মিত্র ঘাট এবং কালুরঘাট সেতু এলাকায় প্রতিমা বিসর্জন দেন ভক্তরা। দেবী দুর্গাকে বিদায়ে জানাতে দুপুর থেকে বিপুল সংখ্যক ভক্তের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পতেঙ্গা সমুদ্র সৈকত। এ সময় ভক্তদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও ভিড় জমান।
পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় প্রতিমা বিসর্জনকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র প্রফেসর নিসার আহমেদ মনজুর, কাউন্সিলর গিয়াস উদ্দিন, সিএমপি বন্দর জোনের ডিসি শাকিলা সুলতানা, ডিসি ট্রাফিক মোস্তাফিজুর রহমান, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন আশিষ ভট্টচার্য, সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার প্রমুখ।
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে দুপুর থেকেই পূজারী ও ভক্তরা শ্রদ্ধার সঙ্গে বিসর্জন দেওয়ার জন্য গাড়িতে করে প্রতিমা নিয়ে আসেন।
দুপুরের পর থেকে ঢাকের বাদ্য, ঘণ্টার শব্দ এবং হিন্দু নারীদের উলুধ্বনিতে মুখর হয়ে উঠে পুরো সৈকত এলাকা। পরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয় প্রতিমা বিসর্জন। এর আগে মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে বিসর্জনের জন্য ট্রাকে করে সমুদ্র সৈকতে প্রতিমা নিয়ে আসেন ভক্তরা।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টচার্য্য বলেন, মহানগরীতে এবার ১৬টি থানা এলাকায় ব্যক্তিগত ও ঘটপূজাসহ ২৮২টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়।








