বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট তাদের ঘোষিত ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও মতবিনিময় করেছে।
বুধবার (২৬ আগস্ট) বিকালে স্থানীয় জামায়াতের দায়িত্বশীলরা এই মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে লংমার্চের সম্পূর্ণ রুট, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নির্ধারিত পথসভা এবং কর্মসূচির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী আমির আলাউদ্দিন সিকদার, মিরসরাই উপজেলা আমির নুরুল কবির, মিরসরাই পৌরসভা আমির শিহাব উদ্দিনসহ দায়িত্বশীলরা।
মতবিনিময় শেষে উত্তর জেলা জামায়াতে ইসলামী আমির আলাউদ্দিন সিকদার গণমাধ্যম কর্মীদের জানান, ঢাকা শাপলা চত্বর থেকে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে এসে লংমার্চ শেষ হবে। পথসভায় বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান মিরসরাইয়ে বক্তব্য রাখবেন।
জনগণের কাঙ্ক্ষিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা। জুলাই গণঅভ্যুত্থানের সব গণহত্যার বিচার সুনিশ্চিত করা। জ্বালানি ও সার সংকটের টেকসই সমাধান।নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি সাধন। প্রশাসনের সব স্তর থেকে দলীয়করণ ও বৈষম্য দূর করা।
এই ৬টি দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পরিচালনা করা হবে।








