রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা মেটাতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় বাড়িয়ে ৬ ঘণ্টা করার নির্দেশনা দিয়েছে সরকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশের সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে, স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা ছিল। তবে, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন তা বাড়িয়ে মোট ছয় ঘণ্টা করা হলো।
এতে আরও বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহের সুবিধার্থে আগামী ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। আর ২৬ মার্চ থেকে আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখতে হবে।
সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় বাড়াল সরকার
প্রকাশ:








