চট্টগ্রামে নতুন করে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে মোট ৯ জনের শরীরে এ ভাইরাসের জীবাণু শনাক্ত করা হলো। আক্রান্ত ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী । এদের মধ্যে ৭ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা।
শনিবার (১৪ জুন) জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলায় দুটি হাসপাতালকে করোনা বিশেষায়িত ঘোষণা করা হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত করোনা পরীক্ষা কিটও রয়েছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে।’
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের করোনা পজিটিভ পাওয়া যায়। ৪০ বছর বয়সী আক্রান্ত ওই ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ এলাকার বাসিন্দা। তিনি শুক্রবার নগরের এভারকেয়ার হাসপাতালে করোনা পরীক্ষা করান।
চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে করোনা শনাক্তকরণের পরীক্ষা চালু আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আরটি–পিসিআর পরীক্ষা শুরু করা যায়নি।








